দেশের বাজারে সব ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উক্ত সভায় সভাপতিত্ব করেন।
নতুন এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকার পরিবর্তে ২০৭ টাকায় বিক্রি হবে। এছাড়া খোলা সয়াবিন তেলের নতুন দাম ঠিক করা হয়েছে লিটারপ্রতি ১৮৮ টাকা, যা আগে ছিল ১৮৫ টাকা। একই সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতো লিটারপ্রতি ১৬৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে স্থানীয় বাজারদর, আমদানির পরিস্থিতি, ঋণপত্র খোলা এবং মজুত সংক্রান্ত একটি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়। সেই প্রতিবেদন ও বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই মূলত সবার সম্মতিতে দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বৈঠকে জানান, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ তেলের দাম সমন্বয় করা হয়েছিল। পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও স্থানীয় বাজারে তা অপরিবর্তিত থাকায় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছিল। আসন্ন রমজানে তেলের পর্যাপ্ত মজুত এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতেই আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম বাড়ানো হয়েছে। এছাড়া বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায় রোধে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।