ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টা ৫ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়, সেখানেই তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্বামী নির্মাতা নুরুল আলম আতিক এবং সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু।

প্রয়াত ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা ছিলেন মাতিয়া বানু শুকু। নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী হিসেবে সংসার জীবনে তিনি স্বামী ছাড়াও শান্তি ও সাধু নামের দুই ছেলে এবং অগ্নি নামের এক মেয়ে রেখে গেছেন। এছাড়া তিনি ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো জনপ্রিয় টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক।

পরিচালকের মরদেহ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হয় এবং সেখানে সকাল সাড়ে দশটা পর্যন্ত রাখা হয়। এরপর বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে বাদ জুমা তার প্রথম জানাজা সম্পন্ন হয় এবং পরবর্তীতে উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয়।

Comments are closed.

     More News Of This Category