ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পার্কিং ও চলন্ত দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

রাজধানীর পল্লবী এলাকায় পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা ও চলন্ত বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধায় ও মধ্যরাতে এই দুটি ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সাতটা বিশ মিনিটের দিকে পল্লবীর মিরপুর এগারো নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন রাস্তায় মালিকের বাসার সামনে পার্কিং করা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের ওই বাসে আগুন লাগার পর স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এই আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে।

এদিকে একই এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে কালশী রোডে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রী নামিয়ে খালি বাসটি পার্কিংয়ে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে চালক দ্রুত নিরাপদে নেমে যান এবং স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ দেখে এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে।

Comments are closed.

     More News Of This Category