ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানী ঢাকাসহ দেশের মোট সাতটি জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া অতিরিক্ত আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ছাব্বিশের অধিক অর্থাৎ ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে সচেষ্ট রয়েছে বাহিনীটি। মাঠের পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করতে বিজিবি সদর দপ্তরের একটি মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির সাহায্যে সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার কথা জানিয়েছে বাহিনীটি। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে তারা বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category