ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১, নিখোঁজ ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলিম মোল্লা (৩৫ বা ৪০) নামে একজন নিহত হয়েছেন এবং ককটেলের স্প্লিন্টারে চার বছরের এক শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চরডুমুরিয়া, সামারচর ও আশপাশের এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে সেলিম মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার ডান হাত ক্ষতবিক্ষত ছিল। এ ছাড়া গুলিবিদ্ধ শিশু আব্দুর রহিমসহ আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শিশুটির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়ায় তাকে মোল্লাকান্দি ইউনিয়নের আশুরান গ্রাম থেকে হাসপাতালে আনা হয়েছিল।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ইউনিয়ন বিএনপি নেতা রহিম মোল্লা এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তারা দুজনেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে মেঘনার শাখা নদীতে সাঁতরে পার হওয়ার সময় আলমগীর দালাল (৪০ বা ৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোণ্ড তছলিম উদ্দিন সংঘর্ষে হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। আওলাদ হোসেন অভিযোগ করেছেন যে রহিম মোল্লার সমর্থকরা সংঘবদ্ধভাবে তাদের এলাকায় হামলা চালিয়েছে। তবে বিদেশে অবস্থান করায় রহিম মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।

Comments are closed.

     More News Of This Category