আড়াই বছর বন্ধ থাকার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে আজ বৃহস্পতিবার প্রথম ধাপে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন। আজ বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায়শুভেচ্ছা জানানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এই তথ্য জানান। তিনি বলেন, শূন্য খরচ মানে শূন্য খরচ; এই কর্মসূচিতে কর্মীদের বোয়েসেল বা অন্য কাউকে কোনো অর্থ দিতে হচ্ছে না।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাঁদের আবাসন ও চিকিৎসাসুবিধা প্রদান করবে। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই ১১২ জনকে সম্পূর্ণ স্বচ্ছ ও দালালমুক্ত প্রক্রিয়ায় বাছাই করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাসপোর্টের খরচ, চিকিৎসা পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ ও বিমান টিকিটসহ যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট নিয়োগকর্তা বহন করছে। এর ফলে জনপ্রতি প্রায় দুই লাখ টাকা হিসাবে কর্মীদের মোট কোটি টাকার বেশি সাশ্রয় হয়েছে। বোয়েসেলের তথ্য অনুযায়ী, দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পাওয়া গেছে। দ্বিতীয় ধাপে আগামী ৫ বা ৯ ডিসেম্বর আরও কর্মী পাঠানো হতে পারে।