ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ: মাহ্দী আমিন

বৃহস্পতিবার রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কোনো ব্যয় নয় বরং মানবসম্পদ তৈরির বড় বিনিয়োগ। এই বিনিয়োগের প্রধান উদ্দেশ্য হলো মানবিক গুণসম্পন্ন সুনাগরিক ও কর্মদক্ষ জনগোষ্ঠী তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল। ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

উপদেষ্টা মাহ্দী আমিন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ক্রমান্বয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে এবং প্রথম বছরেই তা প্রায় ২ শতাংশে আনা হয়েছে। বড় বড় অবকাঠামো বা ভবন তৈরির চেয়ে মানবসম্পদ উন্নয়নকেই বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার মূল লক্ষ্য হলো ভালো মানুষ ও কাজের মানুষ তৈরি করা। নতুন সংস্কারের অংশ হিসেবে চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষাসহ নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি মিড-ডে মিল কর্মসূচি এবং প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যেকোনো ভুলত্রুটিতে সাংবাদিকদের কাছ থেকে যৌক্তিক সমালোচনা ও ভালো কাজে বস্তুনিষ্ঠ পরামর্শ আশা করেন তারা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবাদমাধ্যম জাতির দর্পণ হিসেবে কাজ করে বলে তিনি মন্তব্য করেন।

Comments are closed.

     More News Of This Category