ছবি: সংগৃহীত

যশোর বোর্ডসহ আন্তঃশিক্ষা বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে

যশোর বোর্ডসহ দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তিন দিন বাড়ানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। এছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর। এই বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, বেশ কিছু শিক্ষার্থী সময়মতো ফরম পূরণ করতে না পারায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে। এর আগে গত ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের নির্ধারিত সময় ছিল।

উল্লেখ্য, দেশে এবারই প্রথম এইচএসসিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের আর পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Comments are closed.

     More News Of This Category