চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যবিরোধী আন্দোলনের জেরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই মাস ধরে চলমান আন্দোলনে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের সংকটের সমাধানে এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য বিপদজনক।
সাম্প্রতিক আলোচনা সভার পর শিক্ষার্থীরা বাধ্য হয়ে ২৬ নভেম্বর থেকে পুনরায় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভার পর তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে একটি প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।