ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, বদলাল ৩৩ হাজার শিক্ষার্থীর ফল

দেশের ১১টি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বেলা ৩টায় এই ফলাফল প্রকাশিত হয়। বিভিন্ন বিষয়ের খাতা যাচাই-বাছাই শেষে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির তথ্য অনুযায়ী, এ বছর পুনর্নিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তারা বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জানান। এর মধ্যে ১১ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে।

শিক্ষার্থীরা এখন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট (eduboardresults.gov.bd) থেকে ফল জানতে পারছেন। পাশাপাশি, আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল, তাতে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠিয়ে দেওয়া হচ্ছে।

বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ঢাকা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি এবং রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছিল।

Comments are closed.

     More News Of This Category