নিরাপত্তাজনিত নানা শঙ্কার মুখে বাংলাদেশ রেলওয়ে বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর পাশাপাশি খুলনা-ঢাকা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নির্ধারিতযাত্রাও বাতিল করা হয়েছে। গোপালগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ ট্রেন চলাচলের বিষয়ে কোনো সুনির্দিষ্ট মতামত না পাওয়ায় রেলভবনের অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই বিকল্প ট্রেনটি নির্দিষ্ট কিছু স্টেশনে যাত্রাবিরতি ও হল্ট করে চলাচল করবে।
ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি প্রয়োজনে সড়কপথে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ও সময় গুনতে হচ্ছে। বিশেষ করে নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীরা বড় বিপাকে পড়েছেন। কবে নাগাদ এই ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সরকারি ঘোষণা আসেনি।