দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে রদবদল এনেছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি বিএনপির দুই নেতার নিহত হওয়া ও এর জেরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত নড়াইলসহ সুনামগঞ্জ, লালমনিরহাট, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় এই পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মোহাম্মদ তৌহিদুল আরিফকে নড়াইলের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জে, ডিএমপির মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটে, এপিবিএনের খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনায়, গাইবান্ধার এসপি জসিম উদ্দীনকে ফেনীতে, এসআরইউর মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধায় এবং সিআইডির মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার করা হয়েছে।
এই সাত জেলার মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ—এই পাঁচটি জেলা সীমান্তবর্তী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং নাশকতার আশঙ্কায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা জারির পর এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।
নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি আগের বিভিন্ন দায়িত্বে থাকা সাতজন পুলিশ কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে, খুলনার এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। এছাড়া কেএমপির উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, এপিবিএনের এসপি আরেফিন জুয়েল এবং ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে অন্যান্য দপ্তরে সংযুক্ত করা হয়েছে।