ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী মতবিনিময় সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা নেওয়া হবে এই সংলাপে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন ২৯ নভেম্বর বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ১৯টি দলের সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর ৩০ নভেম্বর এবং শেষ দিন ১ ডিসেম্বর বাকি দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। তবে নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ এবং তাদের জোটের কিছু শরিক দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা হাতে নিয়েছে ইসি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট শুরু হয়ে বিভিন্ন ধাপে চলবে ২৭ মে পর্যন্ত। জেলা নির্বাচন কর্মকর্তারা এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছেন।

Comments are closed.

     More News Of This Category