ছবি: সংগৃহীত

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি সম্পূর্ণ উন্মাদনা ও হাস্যকর। মঙ্গলবার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা এবং এ জন্য তাকে বিমানে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর বলেন, একজন ফেরারি ও দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে অন্য কেউ বিমান চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল এবং এই দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চিফ প্রসিকিউটর আরও জানান, পলাতক আসামিদের বিভিন্ন তৎপরতা এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী দল, তা প্রমাণিত হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের অভিযোগের তদন্ত বর্তমানে চলমান রয়েছে এবং তদন্ত শেষ হলে সে বিষয়ে জানানো হবে। এছাড়া সীমান্তে আসামিদের অবাধ বিচরণের বিষয়ে সরাসরি সরকারের কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

Comments are closed.

     More News Of This Category