ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে টানা ৩০ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। মঙ্গলবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটে এই সরবরাহ বন্ধ করা হয়, যে সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট করে মোট সাত কোটি ছয় লাখ টাকার বিদ্যুৎ সঞ্চালন লাইনে যুক্ত হয়।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় হওয়া এই কার্যক্রমে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা থাকলেও তা ছাড়িয়ে দীর্ঘ সময় ধরে তা অব্যাহত রাখা হয়। সংশ্লিষ্টদের মতে, এটি দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ইতিহাসে এবং প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।

সরবরাহ বন্ধের পর প্রথম ইউনিটটি গ্রিড থেকে আলাদা করা হয়েছে এবং বর্তমানে অপারেটিং প্যারামিটার ও টারবাইন-জেনারেটর সিস্টেমের কার্যকারিতা খতিয়ে দেখতে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ চলছে। এসব পর্যালোচনার ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।

এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানিয়েছেন, এটি তাদের প্রকৌশলী, অপারেটর এবং রাশিয়ান সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও উল্লেখ করেন যে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে কেন্দ্রটি পরিচালনা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, এই প্রকল্পের দুটি ইউনিট থেকে ভবিষ্যতে মোট দুই হাজার চারশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

Comments are closed.

     More News Of This Category