ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

রাশিয়া থেকে আমদানিকৃত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। ২৪ নভেম্বর মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর ভারী নিরাপত্তার ভেতরে তিনটি বিশেষায়িত লরিতে করে এই জ্বালানি প্রকল্প চত্বরে ঢোকে।

এই নিয়ে রূপপুর প্রকল্পের মোট আটটি চালান দেশে এসে পৌঁছাল; যার মধ্যে প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জন্য রয়েছে সাতটি চালান। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, সর্বমোট নয়টি চালানে এই পারমাণবিক জ্বালানি দেশে আসার কথা রয়েছে।

এরই মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফার মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পাঠানো শুরু হয়েছে। ২৩ নভেম্বর সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এই কার্যক্রমের সূচনা হয়। এই ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ট্রায়াল চলছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, এই সফল পরীক্ষার মাধ্যমে বিশ্বমঞ্চে ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটেছে। গ্রিডের সুস্থিতি বজায় রাখতে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানোর পর তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়েছে। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, ১০ থেকে ২৪ ঘণ্টা এই পরীক্ষা চলমান থাকবে।

রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট থেকে সর্বমোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই কেন্দ্রটি বিশেষ ভূমিকা রাখবে।

Comments are closed.

     More News Of This Category