ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হয়েছিল।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় ধাপে প্রায় তিনশ থেকে তিনশ পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ দশ থেকে চব্বিশ ঘণ্টা পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হবে। এই সময়ে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার নানা কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান উল্লেখ করেন, প্রথম গ্রিড সংযোগের সময় টারবাইন ও জেনারেটরের কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। ফলাফল সন্তোষজনক হওয়ায় বিরতির পর দ্বিতীয় দফায় এই সংযোগ দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায়, অর্থাৎ প্রায় এক হাজার একশ পঞ্চাশ মেগাওয়াট জাতীয় গ্রিডে সরবরাহের চেষ্টা চলছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর মানে এই নয় যে কেন্দ্রটি পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিয়ম ও নিরাপত্তা মানদণ্ড মেনে ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। উল্লেখ্য, এই কেন্দ্রে এক হাজার দুইশ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট তৈরি হচ্ছে, যার মোট উৎপাদন ক্ষমতা হবে দুই হাজার চারশ মেগাওয়াট।

Comments are closed.

     More News Of This Category