চুয়াডাঙ্গায় টানা তিন দিনের বৃষ্টিতে রোপা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলায় ১৬৮ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত অবিরত বৃষ্টির ফলে মাঠের পাকা আমন ধান মাটিতে নুয়ে পড়ে গেছে। এছাড়া নিচু জমিগুলোসহ অন্যান্য ফসলও পানির নিচে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষকরা জানান, রোপা আমন ধানের পাশাপাশি শিম, পেঁপে, মরিচ, ভুট্টা, গম, মসুর, মাসকলাই, পেঁয়াজ এবং আলুর মতো বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে।
জেলা কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক শামীমা আক্তার জানান, ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। কৃষি কর্মকর্তারা আরও বলছেন, সময়ের সঙ্গে ক্ষতির সঠিক চিত্র জানা যাবে।