ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে সপ্তাহব্যাপী সহিংসতায় নিহত চার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও সরকারের কাছে তার আবেদন নাকচ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ২৮টি জেলায় গত ১৪ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে দেশে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন স্থানে থানায়, ব্যাংকে ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পক্ষ থেকে গত বছর শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তিতে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে ওই সাজা ঘোষণা করেছিলেন। চলতি মাসের শুরুর দিকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে দেশে ফেরার অনুমতি চেয়েছিলেন তিনি।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি এবং কেবল ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। শুক্রবার সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই অস্থিরতার জন্য ভারতকে দায়ী করে বলেন, তারা বাংলাদেশের স্বার্থের দিকে না তাকিয়ে প্রভুদের সন্তুষ্ট করতে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই প্রাণঘাতী সংঘর্ষে রাজনৈতিক কর্মী ও বাসশ্রমিকসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এএফপির তথ্য অনুযায়ী, নড়াইলে ক্ষমতাসীন বিএনপির দুজন কর্মী নিহত হওয়ার পর আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে আগুন দেওয়া হয় এবং বন্দরনগরী চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির গুদামঘরে দুর্বৃত্তরা আগুন দেয়। সংঘর্ষের ফলে স্থানীয় সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

Comments are closed.

     More News Of This Category