ছবি: সংগৃহীত

ষোল বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে হাইকোর্টের নীতিমালা প্রণয়নের নির্দেশ

রবিবার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ষোল বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ বন্ধে একটি বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন গাইডলাইন প্রণয়ন ও জারির নির্দেশ দিয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই আদেশ দেয় এবং বিবাদীদের প্রতি রুল জারি করে।

আদালত একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ ও আইনবিদদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ পালন করতে বলা হয়েছে।

আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীরের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ আসে। রিটকারীর দাবি অনুযায়ী, নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় ১৬ বছরের কম বয়সী শিশুরা অবাধে ফেসবুক ও টিকটকের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করছে, যা তাদের মানসিক বিকাশ ব্যাহত করার পাশাপাশি দৃষ্টিশক্তিসহ নানা স্বাস্থ্যগত সমস্যা তৈরি করছে।

Comments are closed.

     More News Of This Category