ছবি: সংগৃহীত

নাশকতা, মাদক ও ছিনতাই রোধে পুলিশ সদস্যদের কঠোর পদক্ষেপের নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। রোববার ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় ডিএমপি কমিশনার স্পষ্টভাবে জানান, রাজধানীর প্রতিটি থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক কারবার, অবৈধ অস্ত্র রাখা, ছিনতাই এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ও জোরালো অভিযান চালাতে হবে। অপরাধমূলক কার্যক্রম যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, সতর্কতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ার তাগিদ দেন তিনি।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে রাজধানীর জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে ডিএমপি আরও বেশি সফলতা অর্জন করবে।

সভা শেষে ঢাকা মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।

Comments are closed.

     More News Of This Category