বার্ষিক রক্ষণাবেক্ষণ এবং পাইপলাইন সংস্কার কাজের কারণে আগামী সোমবার (২৩ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে টানা ২৪ ঘণ্টা গ্যাস এবং ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। রোববার (২২ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর আলাদা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ, ১১ কেভি ফিডার এবং রাইট অব ওয়ে কাজের জন্য সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা নয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নির্ধারিত এই সময়ে হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
অন্যদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ধামরাই ডিআরএসের মডিফিকেশন এবং মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আওতায় ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকার সব গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও দেখা দিতে পারে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ উভয়েই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।