ছবি: সংগৃহীত

ডিসেম্বরে অবৈধ অনুপ্রবেশ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

সাবেক প্রধানমন্ত্রীর বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার গুঞ্জন এবং ডিসেম্বর মাসে যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দেশের সীমান্তগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বিতর্কিত ব্যক্তি বা অপরাধীদের যাতায়াত ঠেকাতে এই কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, এই মাসে বিতর্কিত কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং দেশ থেকেও কেউ অবৈধভাবে বাইরে যেতে না পারে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে।

বিজিবি প্রধান আরও উল্লেখ করেন, পুশইন রোধ, মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচার ঠেকাতে ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে এবং বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন।

এদিকে যশোরের বেনাপোল ও আশপাশের সীমান্ত এলাকায় টহল বাড়িয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, সীমান্ত অপরাধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি তৎপর রয়েছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয়দের সহায়তা চেয়ে তিনি বলেন, কোনো অপরাধের তথ্য পেলে তা যেন দ্রুত বিজিবিকে জানানো হয়।

Comments are closed.

     More News Of This Category