ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় অবস্থিত পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। প্রতিবেশীদের দ্রুত তৎপরতার কারণে আগুন ঘরের ভেতরে ছড়াতে পারেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পরিবারটি রক্ষা পায়।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তিনি ঘর থেকে বের হয়ে দরজার সামনে আগুন দেখতে পান। পরে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেলের বোতলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানিয়েছেন, প্রাচীরের বাইরে থেকে কেরোসিন ও কাগজ ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষতি হয়নি এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে এই অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। তিনি বলেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা ও ভীতি প্রদর্শন করে কেউ রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে না এবং এই ধরনের চোরাগোপ্তা হামলা তাদের দমাতে পারবে না।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। জামায়াতে ইসলামীর নেতারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।