ছবি: সংগৃহীত

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নির্দিষ্ট গন্তব্যে অবতরণ করে। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা দেন তিনি।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এই বিশেষ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। এছাড়া অনুশীলনস্থলে উপস্থিত থেকে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করার কথা রয়েছে তার।

মহড়ার যাবতীয় কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলেই হেলিকপ্টারে চড়ে ঢাকার উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। দেশের তিন বাহিনীর এমন সমন্বিত বিশেষ মহড়া এর আগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

Comments are closed.

     More News Of This Category