ছবি: সংগৃহীত

আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার আলোচনার মধ্যেই ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, প্রতিনিধিদলটিতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ প্রায় সাত থেকে আটজন নেতা উপস্থিত রয়েছেন।

এর আগে পশ্চিমবঙ্গের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছিলেন দলটির এই নেতারা। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শন করার কথা ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যেসব স্থলবন্দর ব্যবহার করে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে পারেন, তার মধ্যে আখাউড়া সীমান্ত অন্যতম বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

আওয়ামী লীগ নেতাদের আগরতলা সীমান্ত এলাকায় আগমনের খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও এর আশপাশের এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদে বুধবার বিকেলে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী স্থলবন্দর অভিমুখে এসে সেখানে অবস্থান নেন এবং তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গত বছরের পাঁচই আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের নেতারা ভারতে পালিয়ে গেছেন। আমরা জানতে পেরেছি, জেলার সীমান্তবর্তী কোনো একটি পথ ব্যবহার করে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে তারা নাশকতা চালানোর চেষ্টা করছেন। তিনি আরও জানান, কেন্দ্রীয় বিএনপির নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী সীমান্তে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনোভাবেই কেউ অবৈধভাবে প্রবেশ করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে।

Comments are closed.

     More News Of This Category