ছবি: সংগৃহীত

টুঙ্গিপাড়ায় সাংগঠনিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে বিএনপির ছয় নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে একযোগে পদত্যাগ করেছেন বিএনপির ছয় নেতা। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং ইউনিয়ন বিএনপির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের সামগ্রিক কার্যক্রমে তাঁরা সন্তুষ্ট নন। তাই তাঁরা দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁরা আরও উল্লেখ করেন, ভবিষ্যতে বিএনপির পাশাপাশি দলটির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রমেও তাঁরা আর যুক্ত থাকবেন না। এই পদত্যাগের সিদ্ধান্তের পেছনে কারও কোনো ধরনের চাপ বা প্ররোচণা নেই বলে দাবি করেন তাঁরা।

এদিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু মুঠোফোনে সাড়া দেননি। তবে জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের জানিয়েছেন, টুঙ্গিপাড়ার ওই ছয় নেতার পদত্যাগের বিষয়ে তাঁর জানা নেই, তবে এর আগে কয়েকজন পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন। একই কথা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানও। এর আগে বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগ করায় টুঙ্গিপাড়ায় পদত্যাগকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে।

Comments are closed.

     More News Of This Category