ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার সংলাপে বসছে জাতীয় নাগরিক পার্টি

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার গভীর রাতে দলটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দুপুর একটায় সচিবালয়ে এই বৈঠকের সূচি নির্ধারিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বোমা বিস্ফোরণ, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে সংসদে জাতীয় ঐক্যের ডাক দেন সরকারপ্রধান। সেই আহ্বানে সাড়া দিয়েই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। দলটির প্রতিনিধি দলে থাকবেন আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

যুক্তরাজ্য সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিমানবন্দর থেকেই তিনি ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের শর্ত দেন। এর কিছু সময় পরেই দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এই বার্তাটি গণমাধ্যমে পাঠানো হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে হওয়া নাশকতার জন্য ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী। এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সংসদের ভেতরের ও বাইরের গণতান্ত্রিক শক্তিগুলোকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এনসিপির পাশাপাশি জামায়াতে ইসলামীসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর সংলাপে বসার কথা রয়েছে।

Comments are closed.

     More News Of This Category