ছবি: সংগৃহীত

বিলুপ্ত হলো শ্রমিক দলের নির্বাহী কমিটি, আমানকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভেঙে দিয়ে ৫১ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই কমিটিতে আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এই কমিটি কাজ করবে।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। সংবিধান পর্যালোচনা করে নির্বাহী কমিটির সব কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন এবং উপস্থিত ২৪ কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নতুন কমিটিকে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রাখা হয়েছে। এই কমিটি সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিমূলক কাজ পরিচালনা করবে। সভায় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও ন্যায্য দাবি আদায়ের পক্ষে সমর্থন জানানো হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকদের সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি সংগঠনের সাংগঠনিক তৎপরতা বাড়ানো, নতুন ইউনিয়ন গঠন ও বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দীর্ঘ এক যুগ ধরে নেতৃত্ব দেওয়ার জন্য সাবেক কর্মকর্তাদের ধন্যবাদ জানান উপদেষ্টা নজরুল ইসলাম খান ও শিমুল বিশ্বাস।

Comments are closed.

     More News Of This Category