আগামী ১০ বছরেও দেশে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সেলিম ভূঁইয়া বলেন, এ দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে এবং তারা জানে যা করার বিএনপি করবে। তিনি গ্যারান্টি দিয়ে বলেন, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। শিক্ষা প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের আমলের কেউ থাকলে তাদের বিরুদ্ধে প্রমাণসহ তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, ১৭ বছর ধরে অনেক জুলুম ও অত্যাচার সহ্য করা হয়েছে এবং কাউকে বেপরোয়া হতে দেওয়া হবে না।
বিগত সরকারের সময়ের নির্যাতনের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাঁকে তুলে নিয়ে যাত্রাবাড়ীতে বাসে আগুন দেওয়ার মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের বিষয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বিএনপি নেতা এম কে আনোয়ারের ওপর হওয়া নিপীড়নের কথা স্মরণ করিয়ে দেন। তবে তারা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে জানান তিনি।
সম্মেলনে শিক্ষকদের বদলিজনিত ভোগান্তির বিষয় তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের দূরদূরান্তে বদলি করার কারণে পারিবারিক ও সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। এতে অনেক নারী শিক্ষককে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে এবং কারও কারও সংসার ভেঙে যাওয়ার ঘটনাও ঘটছে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাকশিসের জেলা সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান।