ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: সিলেটে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

শুক্রবার ভোরে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এই ঘটনার পরদিন সন্ধ্যায় ঢাকা থেকে সিলেট এসে নিজের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, হামলাকারীরা আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে পালিয়ে গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তার মতে, দলটির নেত্রী নিজের দল ও পরিবারকে ধ্বংস করেছেন এবং এখন যারা বাকি আছেন তাদেরও ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া 'জয় বাংলা' স্লোগানটি বর্তমানে জাতীয়ভাবে একটি পালিয়ে যাওয়ার স্লোগানে রূপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে হুমায়ুন কবির বলেন, সরকার সহনশীলতার চর্চা করলেও সন্ত্রাসীদের কিভাবে মোকাবিলা করতে হয় তা প্রশাসন ও দেশের মানুষ ভালো করেই জানে। বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসীর স্থান দেওয়া হবে না এবং অপরাধীদের প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাতকড়া পরিয়ে বা কঠোর নজরদারির আওতায় ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শাসনব্যবস্থা ও কূটনৈতিক নেতৃত্ব এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের এই অগ্রগতি ও বৈদেশিক বিনিয়োগ দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর সহ্য হচ্ছে না, যারা নানা নাশকতা চালিয়েও শেষ পর্যন্ত বিলীন হয়ে যাবে। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন লাগানোর এই ঘটনায় কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি।

Comments are closed.

     More News Of This Category