সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। দুপুর ১টা ২০ মিনিটে শুরু হয়ে এই বৈঠক ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী দলটির নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজও সেরেছেন।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা কেন্দ্র করে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারপ্রধানের এই সংলাপ অনুষ্ঠিত হয়। মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সাম্প্রতিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষে উপদেষ্টা মাহ্দী আমিন ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু অংশ নেন।
জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হয়েছে। এর আগে গত বুধবার প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্ত বৈঠক হয়েছিল। সরকারের এই সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।