ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বাঁচে হ্যায় সাং সমেত লো’ নেটফ্লিক্সে মুক্তি না দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। মঙ্গলবার পাঠানো এই চিঠিতে সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত ভারতে সিরিজটির সম্প্রচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একইসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশন ও সিনেমায় সব ধরনের পাকিস্তানি কনটেন্ট ও শিল্পী নিষিদ্ধের জন্য স্থায়ী আইন প্রণয়নেরও আহ্বান জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি উল্লেখ করেছে, সন্ত্রাসবাদের পক্ষে কোনো প্রশংসা থাকতে পারে না এবং সবার আগে দেশ। তাদের দাবি, আগামী ৪ঠা ডিসেম্বর নির্দিষ্ট এই সিরিজটি যেন ভারতীয় দর্শকদের জন্য নেটফ্লিক্সে প্রকাশিত না হয়। এছাড়া নেটফ্লিক্স ইন্ডিয়া এবং অন্যান্য স্ট্রিমিং মাধ্যমগুলোকে ভবিষ্যতে কোনো পাকিস্তানি কনটেন্ট প্রচার না করার বিষয়ে জনসমক্ষে ঘোষণা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
চিঠিতে গত ২০২৫ সালের ৮ই মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা একটি পরামর্শপত্রের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ওই নির্দেশনায় ওটিটি ও স্ট্রিমিং পরিষেবাগুলোকে ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান ও পডকাস্টের মতো পাকিস্তানি সব ধরনের মাধ্যম প্রদর্শন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ফারহাত ইশতিয়াকের উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সাঈদ, আহাদ রাজা মীর, হানিয়া আমির, হামজা আলী আব্বাসি ও ইকরা আজিজের মতো শিল্পীরা।