নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ। গত বুধবার অবস্থার অবনতি হলে ৭৮ বছর বয়সী এই অভিনেতাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তার শারীরিক অবস্থার বিষয়ে চিত্রশিল্পী ও তার ভাই রশিদ আমিন জানান, মামুনুর রশীদের শারীরিক পরিস্থিতি কিছুটা ওঠানামার মধ্যে রয়েছে এবং তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুও তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত কয়েক দিন ধরেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়ার পর তার ফুসফুসের উভয় পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়েছিল। সে সময়ও তাকে ছয় দিন আইসিইউতে থাকতে হয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা শেষে গত জানুয়ারি মাসে দেশে ফিরে তিনি পুনরায় অভিনয় ও নাট্য নির্দেশনায় সক্রিয় হন।
দীর্ঘ ছয় দশক ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে আসছেন মামুনুর রশীদ। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করার পর তিনি ১৯৭২ সালের পয়লা ফেব্রুয়ারি ‘আরণ্যক নাট্যদল’ প্রতিষ্ঠা করেন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং নাট্যকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে একুশে পদক লাভ করেন।