জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন।
বগুড়ার হোটেল মম ইনে অবস্থানকালে মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে কক্ষ থেকে বের হওয়ার সময় তিনি মাটিতে পড়ে যান এবং তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরে দ্রুত তাকে বগুড়া সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, সকালে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এই অভিনেতা এবং তার জন্য গাড়িও হোটেলের নিচে অপেক্ষা করছিল। প্রোডাকশন ইউনিটের একজন কর্মী তাকে নিতে কক্ষে গেলে বের হওয়ার মুহূর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার আগে তিনি ড্রাগন ফল খেয়েছিলেন বলে জানা গেছে, তবে এর সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো চিকিৎসাগত কারণও জানা যায়নি। তার এই আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।