মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। উৎপাদন বৃদ্ধি এবং বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা ভূরাজনৈতিক উদ্বেগের প্রভাবকে ছাপিয়ে যাওয়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দর নিম্নমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় ১টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে ৯০.৯৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ছয় শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১.৫৮ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দুই প্রধান মানদণ্ডের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল। তবে উৎপাদন বৃদ্ধি এবং বাজারে অতিরিক্ত সরবরাহ থাকার সম্ভাবনার কারণে বুধবার সেই মূল্যবৃদ্ধির একাংশ কমে যায় বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।