ছবি: সংগৃহীত

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও নিজেদের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা বহাল রাখার কথা আবারও জানিয়েছে অস্ট্রেলিয়া। গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত দুই দেশের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় যৌথ কার্যকরী দলের পঞ্চম বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গত বুধবার এই তথ্য প্রকাশ করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অন্যদিকে অস্ট্রেলীয় পক্ষের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সহকারী সচিব ব্রুস সোয়ার। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, রপ্তানি খাতের বৈচিত্র্য আনয়ন, নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি এবং সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ক্যানবেরায় অনুষ্ঠিত প্রথম বৈঠকে অস্ট্রেলিয়া প্রথমবার এই শুল্কমুক্ত সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিল। এলডিসি তালিকা থেকে বের হয়ে গেলে বিশ্ববাজারে বাংলাদেশের অনেক শুল্ক সুবিধা বাতিল হওয়ার আশঙ্কা থাকলেও, অস্ট্রেলিয়ার এই ধারাবাহিক প্রতিশ্রুতি দেশের রপ্তানিকারকদের জন্য বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বিগত এক দশকে এই শুল্কমুক্ত সুবিধার ওপর ভিত্তি করেই মূলত দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক প্রসারিত হয়েছে।

বৈঠকে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি তাজা আম রপ্তানির অনুমোদন প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ। একই সঙ্গে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশে হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টিও আলোচনায় স্থান পায়। এছাড়া সরাসরি বিমান চলাচল চালু করা, পণ্য ও সেবা খাতের বাণিজ্য সহজ করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেছে।

Comments are closed.

     More News Of This Category