ছবি: সংগৃহীত

ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত এক আইনজীবী

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ২৬ নভেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. নয়ন নামের একজন আইনজীবী আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিস্ফোরণের বিকট শব্দে পুরো আদালতপাড়ায় তীব্র আতঙ্ক তৈরি হয়। এর আগে গত ৯ নভেম্বরও এই আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছিল।

ঘটনার পরপরই আইনজীবী ও স্থানীয় লোকজন সন্দেহভাজন একজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিবুল হাসান বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি প্রকৃত অপরাধী নাকি অন্য কোনো কারণে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জড়িত অন্যদের চিহ্নিত করতে আদালতের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments are closed.

     More News Of This Category