ছবি: সংগৃহীত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে রোববার উচ্চপর্যায়ের সভা ডেকেছে মন্ত্রণালয়

দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রতিষ্ঠানগুলোকে কোন নিয়মে ও প্রক্রিয়ায় জাতীয়করণের আওতায় আনা যায়, তা নির্ধারণ করতে আগামী রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে একটি উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোডাউদ মিয়া। এই সভার প্রধান আলোচ্যসূচিতে সরাসরি ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি রাখা হয়েছে।

সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেবেন।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং রবিবারের সভাটি এ বিষয়ে করণীয় নির্ধারণে ভূমিকা রাখবে। তবে ঠিক কতগুলো প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় আসবে, কোন বিদ্যালয়গুলো অগ্রাধিকার পাবে কিংবা জাতীয়করণের শর্ত কী হবে—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সভা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কি না, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

Comments are closed.

     More News Of This Category