বুধবার ২৫ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের সমাপ্তি ঘটিয়ে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান।
ইংরেজিতে প্রকাশিত ওই পোস্টে ন্যান্সি উল্লেখ করেন, অতীতে তাদের পথচলা সবকিছু হলেও এখন তারা নিজেদের মতো আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের স্মৃতি ও অভিজ্ঞতার পর এই সম্পর্ক শেষ হলো।
ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই সময়ে তাদের পরিস্থিতি অনুধাবন করে ব্যক্তিগত গোপনীয়তা যেন বজায় রাখা হয়। এছাড়া শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করার আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার ও গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই শিল্পী। এটি ছিল তার তৃতীয় সংসার। এর আগে ২০০৬ সালে আবু সাঈদ সৌরভ এবং ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেছিলেন তিনি।