ছবি: সংগৃহীত

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকারী শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা চালিয়েছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল পৌনে নয়টার দিকে শ্রমিকরা দলবদ্ধ হয়ে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক আটকে দেওয়ার চেষ্টা করেন। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এই শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রায় ত্রিশটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু কারখানায় একদিন এবং কিছু জায়গায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-দুই এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। উৎপাদন স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Comments are closed.

     More News Of This Category