ছবি: সংগৃহীত

ভোলা ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

দেশের ভোলা ও গোপালগঞ্জ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার (২০ নভেম্বর) রাতে ভোলার লালমোহন উপজেলায় এবং শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন স্থানীয় বিএনপি নেতা এবং অপর দুজন খুলনার বাসিন্দা।

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় শুক্রবার রাতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী মো. শাহাজান কবিরকে (৫০) চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহজাহান কবির কালমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং লালমোহন শহরের ব্যবসায়ী ছিলেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানিয়েছেন, বাস ও চালককে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অপরদিকে গোপালগঞ্জ সদরের ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ ও গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন যে নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category