ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা কয়েক দিনের অব্যাহত প্রবল বৃষ্টিপাতে সাতক্ষীরা জেলার কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পাকা ও কেটে রাখা আমন ধান, শীতকালীন সবজি এবং রবি ফসলের জমিতে পানি জমে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম দুশ্চিন্তা ও হতাশা দেখা দিয়েছে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ৮০ হাজার হেক্টর জমিতে আমন ধান এবং ১০ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছিল। এর মধ্যে ঘূর্ণিঝড় ও অবিরাম বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার মোট ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম জানান, ওই উপজেলায় ১১ হাজার ৯৩৮ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছিল, যার মধ্যে ৩১৫ হেক্টর জমির ধান আংশিক ডুবেছে এবং ১৩ হেক্টর জমির কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। এছাড়া ২৫৫ হেক্টর জমির সরিষা, ১৫ হেক্টর পেঁয়াজ, ৪ হেক্টর রসুন এবং ৭৬ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তালা উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা মহসিন আলী সরদার উল্লেখ করেন যে ধান পেকে যাওয়ায় গোড়ায় অতিরিক্ত পানি না জমলে বড় ক্ষতির আশঙ্কা থাকে না, তবে অধিকাংশ ক্ষেতে ধান কেটে ফেলায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে বৃষ্টি থামার পর দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ জানিয়েছেন, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও কৃষকদের পরামর্শ দিচ্ছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সরকারি সহায়তা ও প্রণোদনার জন্য পাঠানো হবে।