টানা কয়েক দিনের সহিংসতার পর গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার রাত থেকে জেলায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ইতোমধ্যে মোতায়েন থাকা ২৯ প্লাটুনের সঙ্গে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি যুক্ত হয়েছে। এর ফলে বর্তমানে জেলাটিতে বিজিবির মোতায়েনকৃত মোট সদস্যের সংখ্যা বেড়ে ৫৫ প্লাটুনে দাঁড়িয়েছে। পাশাপাশি ১৫ প্লাটুন ব্যাটালিয়ন আনসারও মোতায়েন রয়েছে।
শনিবার জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন হালকা যানবাহন চলাচল করছে এবং বাজারের দোকানপাট খুলেছে। সাধারণ মানুষের উপস্থিতিও বাড়ছে। এছাড়া ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ববিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া এবং মুকসুদপুর থানার স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে গতকাল তিন বাহিনীর প্রধানগণ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন। বর্তমানে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
নতুন করে বিজিবি মোতায়েনের বিষয়ে বিজিবির মিডিয়া সেলের উপ-মহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নতুন করে আসা ২৬ প্লাটুন আজ শনিবার সন্ধ্যার মধ্যেই গোপালগঞ্জে পৌঁছে তাদের দায়িত্বভার গ্রহণ করবে।