ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় মানতে মিয়ানমারের প্রতি যুক্তরাজ্যসহ ১৪ দেশের আহ্বান

গত সোমবার যুক্তরাজ্যসহ চৌদ্দটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতি দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রোহিঙ্গা গণহত্যার রায় মেনে নেওয়ার জন্য মিয়ানমারকে আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে।

বিবৃতিতে বলা হয়, আদালতের এই রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক এবং এটি রোহিঙ্গা ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আন্তর্জাতিক আইনের সব বাধ্যবাধকতা পুরোপুরি মেনে চলা এবং মিয়ানমারকে ভবিষ্যতে এমন সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদাপূর্ণ উপায়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা।

এর আগে আন্তর্জাতিক বিচার আদালত রায় দেয় যে, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছিল মিয়ানমার। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল।

এদিকে একই দিনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে ওই কর্মকর্তাদের সম্পদ জব্দ ও যুক্তরাজ্যে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি বন্ধে আইন প্রণয়নের পরিকল্পনা এবং রাখাইনের তিন লাখ ৫০ হাজার মানুষের সহায়তায় অতিরিক্ত পঞ্চাশ লাখ পাউন্ড দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য।

Comments are closed.

     More News Of This Category