ছবি: সংগৃহীত

ইসরায়েলে নতুন সরকার গঠনের লক্ষ্যে নেতানিয়াহুর দলকে আলোচনার আমন্ত্রণ জানালেন আইজেনকোট

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকোট জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা করার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার আইজেনকোটের দল ইয়াশার পার্টি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রোববার থেকে দুই দলের মধ্যে এই আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

গত অক্টোবরের নির্বাচনে কোনো রাজনৈতিক দল এককভাবে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এই রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়। সাবেক সেনাপ্রধান আইজেনকোটের হাতে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়ে আগামী মাস পর্যন্ত নতুন সরকার গঠনের সময় রয়েছে। ইয়াশার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠনে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমঝোতায় পৌঁছাতে সব ধরনের চেষ্টা চালানো হবে।

এদিকে এই অবস্থাকে কেন্দ্র করে নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক শিবিরে মতপার্থক্য ও বিভক্তি দেখা দিয়েছে। আইজেনকোটের শিবিরের শীর্ষ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আইজেনকোটের নেতৃত্বে 'জায়নবাদী ঐক্যের সরকার' গঠনের ডাক দিলেও নেতানিয়াহু বা তার কোনো জোটে যোগ না দেওয়ার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে বেনেট বলেন, নেতানিয়াহু যাতে পুনরায় প্রধানমন্ত্রী হতে না পারেন, সে বিষয়ে তিনি ও তার দল প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, দেশের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। আইজেনকোট এর আগে স্পষ্ট করেছেন যে তিনি নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবেন না, তবে লিকুদ পার্টির অন্য সদস্যদের নিয়ে সরকার গঠনে তার কোনো আপত্তি নেই। শুক্রবার আইজেনকোট জানিয়েছেন, সরকার গঠনের আলোচনা বেশি দীর্ঘ করা হবে না এবং রাজনৈতিক ঐকমত্য অর্জনে ব্যর্থ হলে তিনি সংসদে ভোটাভুটির মাধ্যমে সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব উত্থাপন করবেন।

Comments are closed.

     More News Of This Category