ছবি: সংগৃহীত

ইরানে দ্রুত সামরিক হামলা চালাতে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু

যত দ্রুত সম্ভব ইরানে সামরিক হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৩শে নভেম্বর ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ও চ্যানেল ১২-এর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিষয়টির সঙ্গে পরিচিত অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে এই বিষয়ে ট্রাম্প এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি।

ইসরায়েলি চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্কবার্তা দিয়েছেন। তারা জানিয়েছেন, ইরানে কোনো ধরনের হামলা চালানো হলে তা বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এমনকি এই সংঘাতে গাজা, সিরিয়া ও লেবাননও জড়িয়ে পড়ার বড় ধরনের আশঙ্কা রয়েছে বলে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন।

এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, বছরের শেষ নাগাদ তেহরানের সঙ্গে কোনো চুক্তি না হলে তিনি ২০২৭ সালের শুরুর দিকে ইরানে পুনরায় সামরিক অভিযান চালাতে পারেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে যে, ট্রাম্প এখনো ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করছেন।

Comments are closed.

     More News Of This Category