ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শুক্রবার এ ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর শরণার্থী সংকট নিরসনে এটি অন্যতম বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের সহিংসতার ঘটনাকে জেনোসাইড বা গোষ্ঠীনিধন হিসেবে রায়ের ঠিক পরের দিনই এই উদ্যোগের কথা জানানো হলো।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি জানিয়েছেন, সম্প্রতি তাঁর তুরস্ক সফরের পর দেশটির মন্ত্রিসভা এই পুনর্বাসন প্রস্তাব অনুমোদন করে। এক সরকারি বিবৃতিতে তিনি বলেন, তুরস্ক সরকার ১০ হাজার শরণার্থী গ্রহণে সম্মতি দিয়েছে এবং এই উদ্যোগ দীর্ঘমেয়াদী শরণার্থী সমস্যা সমাধানে সাহায্য করবে। শরণার্থী ব্যবস্থাপনায় বিভিন্ন দেশের যৌথ কাজের এটি একটি মডেল হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বাছাই প্রক্রিয়া, প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় কাগজ প্রস্তুত এবং পুনর্বাসনের পুরো কাজটি তুরস্কের প্রশাসন, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে মিলে সম্পন্ন করবে মালয়েশিয়া। আন্তর্জাতিক নিয়মকানুন, শিল্প খাতের চাহিদাপত্র এবং শরণার্থীদের নিজস্ব সম্মতির ওপর ভিত্তি করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে মন্তব্য চেয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী রয়েছেন, যাঁদের একটি বড় অংশই রোহিঙ্গা। স্থানীয় নাগরিকদের সঙ্গে বিরোধ বাড়ার ফলে শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর চাপে রয়েছে কুয়ালালামপুর। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে দেশে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গা পুনর্বাসনের ক্ষেত্রে কুয়ালালামপুরের এটি অন্যতম বড় আন্তর্জাতিক উদ্যোগ।

Comments are closed.

     More News Of This Category