ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় নজরে নিয়েছে ভারত, প্রত্যাবাসনে জোর নয়াদিল্লির

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রোহিঙ্গা গণহত্যা মামলার রায়টি ভারতের নজরে রয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। শুক্রবার ২০ নভেম্বর নয়াদিল্লিতে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা চালানোর উদ্দেশ্যে সংক্রান্ত রায় এবং এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো যোগাযোগ করা হবে কি না—এমন প্রশ্নের মুখে পড়েছিল ভারত। তবে রায়ের সুনির্দিষ্ট কোনো মূল্যায়ন না করে, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে নিজেদের পুরোনো অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করেছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি কূটনৈতিক যোগাযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে রোহিঙ্গা সংকট মোকাবিলায় অতীতে ভারতের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ ও মিয়ানমার উভয় ক্ষেত্রেই দেশটির নানামুখী সহায়তা অব্যাহত ছিল।

এ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল উল্লেখ করেন যে, ভারত এর আগে ‘অপারেশন ইনসানিয়াত’ কর্মসূচির আওতায় পাঁচ দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এছাড়া একই উদ্দেশ্যে মিয়ানমারে ‘রাখাইন স্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-কেও সমর্থন জুগিয়েছে ভারত।

Comments are closed.

     More News Of This Category