নির্বাচনী প্রচারণা মানেই পোস্টার, ব্যানার আর কাগজের পাহাড়—যা শেষ পর্যন্ত গিয়ে পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু বগুড়া-৬ (বগুড়া সদর) আসনে ধানের শীষের পক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভোট প্রচারণায় যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, এসব লিফলেটের ভেতরে রয়েছে টমেটো, মরিচ কিংবা বিভিন্ন শাকসবজির বীজ। অর্থাৎ কেউ যদি লিফলেটটি মাটিতে পুঁতে দেয় বা স্বাভাবিকভাবেই তা মাটির সঙ্গে মিশে যায়, তাহলে সেখান থেকে গজিয়ে উঠতে পারে সবুজের নতুন জীবন। এতে একদিকে যেমন বর্জ্য কমবে, অন্যদিকে বাড়বে সবুজায়ন।
পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের মতে, বাংলাদেশের মতো জনবহুল দেশে নির্বাচনের সময় বিপুল পরিমাণ কাগজ অপচয় হয়। সেই জায়গা থেকে বনকাগজের লিফলেট ব্যবহার নিঃসন্দেহে একটি দায়িত্বশীল ও সময়োপযোগী উদ্যোগ। এটি পরিবেশ দূষণ রোধে যেমন ভূমিকা রাখবে, তেমনি সাধারণ মানুষের মাঝেও পরিবেশ সচেতনতা বাড়াবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, অনেকেই এই উদ্যোগের প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, রাজনীতি যদি সত্যিই মানুষের কল্যাণ আর প্রকৃতির যত্নের জন্য হয়, তাহলে এমন চিন্তাধারাই হওয়া উচিত ভবিষ্যতের পথনির্দেশক।ভোট প্রচারের পাশাপাশি সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া—এ উদ্যোগ শুধু অভিনবই নয়, বরং রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলগুলোর জন্যও এটি হতে পারে অনুকরণীয় একটি উদাহরণ।সব মিলিয়ে, বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে এই পরিবেশবান্ধব প্রচারণা দেখিয়ে দিয়েছে—রাজনীতি চাইলেই হতে পারে দায়িত্বশীল, মানবিক এবং প্রকৃতিবান্ধব। সময়ের দাবিতে এমন ‘স্মার্ট মুভ’ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।